Apan Desh | আপন দেশ

‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৪, ১৯ মে ২০২৬

‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

ছবি: আপন দেশ

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর থেকেই সীমান্ত নিরাপত্তা ইস্যুতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার। এবার উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোর এলাকার ১২০ একর জমি কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

জানা গেছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং সেনা ও পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, দেশের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না। বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর শপথ নিয়েই তিনি সীমান্ত সিল করার নির্দেশ দেন। পাশাপাশি সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) জমি হস্তান্তরের নির্দেশও দেন।

এবার সে উদ্যোগ আরও একধাপ এগিয়ে গেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

স্থানীয় সূত্র বলছে, এ জমি হস্তান্তর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। যেসব জমি কেন্দ্রীয় সরকারের কাছে দেয়া হচ্ছে, সেগুলোর বেশিরভাগই আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থিত।

জানা গেছে, এ প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে ঝুলে থাকা প্রকল্পটি সরকার পরিবর্তনের পর নতুন গতি পেয়েছে।

আরও পড়ুন <<>> এক ঘোষণায় কমলো তেলের দাম

শুধু জমি নয়, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কও জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের অধীনে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাসিমারা–জয়গাঁও হয়ে ভারত-ভুটান সীমান্ত পর্যন্ত সড়ক, বারাদিঘি–ময়নাগুড়ি–চ্যাংরাবান্ধা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অংশ এবং শিলিগুড়ি–কার্শিয়াং–দার্জিলিং সড়কপথ।

সরকারের ধারণা, এসব সড়কের উন্নয়ন কাজ শেষ হলে সীমান্ত অঞ্চলে পরিবহন ব্যবস্থা আরও দ্রুত ও কার্যকর হবে। পাশাপাশি রেশন, সামরিক সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সীমান্তবর্তী সেনাঘাঁটিতে দ্রুত পৌঁছে দেয়া সম্ভব হবে।

ভৌগোলিক অবস্থানের কারণে শিলিগুড়ি করিডোরকে ভারতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের কাছাকাছি অবস্থিত এ করিডোরই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ।

‘চিকেনস নেক’ নামে পরিচিত এ অংশটি মাত্র ২২-৩৫ কিলোমিটার চওড়া। সরু আকৃতির কারণে এটিকে মুরগির গলার সঙ্গে তুলনা করা হয়। কৌশলগত গুরুত্বের কারণেই পশ্চিমবঙ্গের ৩১টি স্থানে সিভিল ডিফেন্সের মক ড্রিল আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছিল। এর মধ্যে ১৭টিই ছিল চিকেনস নেক এলাকায়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়