Apan Desh | আপন দেশ

এখনই থামছে না যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০১:২৪, ২৮ মার্চ ২০২৬

আপডেট: ০১:২৪, ২৮ মার্চ ২০২৬

এখনই থামছে না যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনা নিরসনে কার্যকর কোনো সমঝোতার পথ এখনো স্পষ্ট হয়নি। ওয়াশিংটন তেহরানকে ‘আরও মৃত্যু ও ধ্বংসের’ হুঁশিয়ারি দিচ্ছে। যদিও বিশ্লেষকদের মতে, এটি কেবল সামরিক চাপ বাড়িয়ে ইরানের অবস্থান পরিবর্তন করানোর চেষ্টা।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আল-মনিটর জানায়, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেয়া ১৫ দফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারে কঠোর সীমাবদ্ধতা আরোপের কথা বলা হয়েছিল। মার্কিন আলোচক স্টিভ উইটকফ জানিয়েছেন, পাকিস্তানের মাধ্যমে এ পরিকল্পনা তেহরানে পাঠানো হয়েছিল এবং ইরান এখন ‘পিছু হটার পথ’ খুঁজছে।

তবে ইরানের প্রতিক্রিয়া ভিন্ন চিত্র তুলে ধরছে। তেহরান পাঁচটি পাল্টা দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে ভবিষ্যতে মার্কিন হামলার বিরুদ্ধে নিশ্চয়তা, সাম্প্রতিক ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালিৎর ওপর পূর্ণ নিয়ন্ত্রণের স্বীকৃতি।

অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টমাস জুনাউ বলেন, ইরান যে সরাসরি এ প্রস্তাব গ্রহণ করবে না, তা অনুমেয় ছিল। তবে তাদের আলোচনায় আগ্রহ দেখানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে আলোচনার বিষয়ে আশাবাদী থাকলেও পরে কড়া বার্তা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেন, সময় পেরিয়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ইরানে ১০ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বহু নৌযান ধ্বংস হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিনি এ যুদ্ধ পরিচালনায় অসন্তুষ্ট, যদিও রিপাবলিকানদের বড় অংশ এখনো তাকে সমর্থন করছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প দ্রুত কোনো বড় সাফল্য দেখিয়ে যুদ্ধ শেষ করতে চাইতে পারেন। অন্যদিকে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত চাইছে— ইরানের হুমকি পুরোপুরি নিরসন না হওয়া পর্যন্ত সহজ কোনো যুদ্ধবিরতিতে না যাওয়া হোক।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক আলী ভায়েজ মনে করেন, পূর্ণাঙ্গ সমঝোতার বদলে আপাতত সীমিত সমাধানই বাস্তবসম্মত হতে পারে। যেমন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ রাখা বা হরমুজ প্রণালি দিয়ে খাদ্য ও সার পরিবহন চালু রাখা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement