ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করতে রাজি নয় যুক্তরাষ্ট্র। ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া তেহরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কার মধ্যেই তিনি এমন কঠোর অবস্থান ব্যক্ত করলেন।
শুক্রবার (০৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ইরানে নতুন ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে পরিস্থিতি বদলাতে পারে।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ভবিষ্যতে যদি একজন গ্রহণযোগ্য নেতা বা নেতৃত্ব সামনে আসে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে কাজ করবে। তখন দেশটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়েও বড়, উন্নত ও শক্তিশালী করে গড়ে তোলার চেষ্টা করা হবে।
এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের মতে, এ যুদ্ধ কত দিন চলবে তার কোনো নির্দিষ্ট সীমা এখনো দেখা যাচ্ছে না। আঞ্চলিক বা বৈশ্বিক শক্তিগুলো এখনো এ তিন দেশের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তবে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে। যদিও তিনি সংশ্লিষ্ট দেশগুলোর নাম প্রকাশ করেননি।
আরও পড়ুন <<>> ইরানের পক্ষে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যেতে রাজি নয় তেহরান। এমনকি তারা এখন যুদ্ধবিরতিও চায় না।
মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরপর দুইবার ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। এরপর থেকে ওয়াশিংটনের ওপর আর কোনো আস্থা নেই বলে মনে করছে তেহরান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































