ছবি: আপন দেশ
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মহাসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (০১ মে) বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
সমাবেশ দুপুরে হলেও সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে জড়ো হন। ভোরের ভারী বৃষ্টিতে সড়কে পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়। এরপর থেকেই এলাকায় বাড়তে থাকে মানুষের উপস্থিতি।
সমাবেশস্থলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। উত্তরমুখী মঞ্চে লাল কার্পেট বিছানো হয়েছে। মঞ্চের দুই পাশে শোভা পাচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি।
আয়োজকেরা জানান, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে। দূর থেকেও যাতে বক্তব্য শোনা যায়, সে ব্যবস্থাই করা হয়েছে। প্রধান অতিথির আগমনকে ঘিরে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চ ও সাউন্ড সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন <<>> নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করলেন জামায়াতের নায়েবে আমীর
তিনি আশা প্রকাশ করেন, এ সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম হতে পারে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ঢাকার বাইরে থেকেও শ্রমিকরা আসছেন। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চল থেকে শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকে লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে অংশ নিয়েছেন। স্লোগান ও করতালিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




























