Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে?

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২০, ২৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে?

ছবি সংগৃহীত

ওয়ানডে সিরিজে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। দ্বিতীয়টি জিতলেই কুড়ি ওভারের সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সে লক্ষ্য নিয়েই বুধবার (২৯ এপ্রিল) নিউজিল্যান্ডে মুখোমুখি হওয়ার কথা লিটন দাসদের। কিন্তু বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে নামার কথা দুই দলের। কিন্তু আগের দিন মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনভর ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বুধবার সকালে বৃষ্টি হয়েছে। তবে স্থানীয় সময় দশটার পর বৃষ্টি থেমেছে। এখন পর্যন্ত বৃষ্টি বন্ধ আছে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা অনেকটা কমেছে।

পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু জানিয়েছেন, চট্টগ্রামে মাঠের আশেপাশে আপাতত বৃষ্টি নেই। এখানে বৃষ্টি ছাড়ার এক ঘণ্টার মধ্যে মাঠ প্রস্তুত করা সম্ভব। কারণ স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা যথেষ্ট ভালো।

আরও পড়ুন<<>>আক্রমণই সেরা প্রতিরক্ষা: তাওহীদ হৃদয়

তিনি বলেন, মাঠের ঘাস কাটা হয়েছে যাতে পানি না জমে। আজ সকালেও আরেকবার কাটা হয়েছে। ফলে বৃষ্টি খুব বেশি সময় না হলে মাঠ প্রস্তুত করতে সমস্যা হবে না। ফলে ওভার কাটার সম্ভাবনা কম। ম্যাচ বাতিলের সম্ভাবনা তো আরও কম।

এদিকে মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। যার ফলে নিউজিল্যান্ড তাদের ঐচ্ছিক অনুশীলন ইনডোরে সরিয়ে নিতে বাধ্য হয়। সেখানেও অংশ নেন মাত্র কয়েকজন ক্রিকেটার। 

অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ দল অনুশীলন করেনি, বিশ্রাম বেছে নিয়েছে। 

প্রথম ম্যাচে মিডল অর্ডারের দৃঢ়তায় ছয় উইকেটের জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। তবে উদ্বেগ রয়েছে ওপেনিং জুটি নিয়ে। ওই ম্যাচে পাওয়ারপ্লেতে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি সাইফ হাসান ও তানজিদ তামিম।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়