ছবি সংগৃহীত
একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাতে শান্তি আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইসলামাবাদে পৌঁছান তারা। অপরদিকে শান্তি আলোচনায় যোগ দিতে শনিবার (২৫ এপ্রিল) আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি নিশ্চিত করে বলছি, আলোচনার উদ্দেশ্যে বিশেষ দূত উইটকফ ও জ্যারেড কুশনার আগামীকাল সকালে আবারও পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন।
এর আগে, শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির নেতৃত্বে একটি দল পাকিস্তানে পৌঁছেছে। পাকিস্তান পররাষ্ট্র দফতরের (এফও) মুখপাত্র তাহির আন্দ্রাবির বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিমানবন্দরে পৌঁছানোর পর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আব্বাস আরাগচিকে অভ্যর্থনা জানান। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সর্বশেষ আঞ্চলিক ঘটনাগুলো এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টা নিয়ে বৈঠক করবেন।
আরও পড়ুন<<>>রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল
অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার আলোচনার জন্য শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তান সফর করবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন, আমার এ সফরের উদ্দেশ্য হলো আমাদের অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা এবং আঞ্চলিক ঘটনাগুলো নিয়ে পরামর্শ করা। প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান ছাড়াও আরও ২ দেশ সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসলামাবাদে বৈঠকের পর রাশিয়া ও ওমানেও যাবেন তিনি। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরুর পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার লক্ষ্য দুই দেশের চলমান সংঘাতের অবসান ঘটানো। শুক্রবার আরাগচি ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যে ধারাবাহিক টেলিফোন আলাপের পরই ইসলামাবাদের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































