Apan Desh | আপন দেশ

ইরানে সর্বোচ্চ নেতা বাছাইয়ের ভবনে ইসরাইলের হামলা

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:২২, ৩ মার্চ ২০২৬

আপডেট: ২১:২৩, ৩ মার্চ ২০২৬

ইরানে সর্বোচ্চ নেতা বাছাইয়ের ভবনে ইসরাইলের হামলা

ছবি: সংগৃহীত

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনার মধ্যেই হামলার ঘটনা ঘটেছে। দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (০৩ মার্চ) ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরের বিশেষজ্ঞ পরিষদের ভবনটিতে হামলা হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, কোম শহরে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য জ্যেষ্ঠ নেতারা যেখানে সমবেত হয়েছিলেন, সে ভবনেই ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়।

সূত্র জানায়, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের মোট সদস্য সংখ্যা ৮৮ জন। তবে হামলার সময় কতজন সদস্য ভবনের ভেতরে উপস্থিত ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন <<>> ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই ঘটনার পরই দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

মঙ্গলবার বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলী মোয়ালেমি জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলবে না।

তিনি বলেন, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তি, রাজনৈতিক মত বা দলীয় প্রভাব বিবেচনায় নেয়া হবে না। পরিষদের সদস্যরা শপথ অনুযায়ী নিজস্ব বিবেচনা ও ধর্মীয় বিধান অনুসরণ করে ভোট প্রদান করবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: