ছবি: আপন দেশ
চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকা থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশু কন্যা হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।
মঙ্গলবার (০৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। রোববার (০১ মার্চ) সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়েছিল। সোমবার (০২ মার্চ) তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে নেয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত শিশুটির অবস্থা স্থিতিশীল ছিল এবং সে ইশারায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করছিল। তবে গভীর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
আরও পড়ুন <<>> সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক
চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে শিশুটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সে ধর্ষণের শিকার হয়েছিল। শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে উরুতে কাটাছেঁড়ার চিহ্নও ছিল।
পরিবারের দাবি, মৃত্যুর আগে শিশুটি ইশারায় ঘটনার সঙ্গে জড়িত একজনের নাম জানানোর চেষ্টা করেছিল।
ঘটনার পর ১ মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার মামলা করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সীতাকুণ্ড থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































