Apan Desh | আপন দেশ

ইরানের সঙ্গে কোনো আলোচনায় বসবে না যুক্তরাষ্ট্র

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৭, ৩ মার্চ ২০২৬

ইরানের সঙ্গে কোনো আলোচনায় বসবে না যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে বর্তমানে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’ বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে এবং তিনিও সংলাপে রাজি ছিলেন। পরে হোয়াইট হাউস থেকেও একই ধরনের ইঙ্গিত দেয়া হয়।

অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করব না।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনার জন্য ইরান চাপ দিচ্ছে। তবে লারিজানি এ দাবি অস্বীকার করেন।

আরও পড়ুন <<>>মধ্যপ্রাচ্যের সংঘাতে লেবাননে বাস্তুচ্যুত ৩০ হাজার মানুষ

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ওমানের মধ্যস্থতায় আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ নেয়া হয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। রাজধানী তেহরান-এ ওই হামলায় খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে জানা যায়।

এর জবাবে ইরান ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়ে যাচ্ছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: