ছবি: সংগৃহীত
২৮ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যার আকাশে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এদিন সৌরজগতের ছয়টি গ্রহ প্রায় একই রেখায় বা সারিতে অবস্থান করবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহের শোভাযাত্রা।
বিজ্ঞানীরা বলছেন, সূর্যাস্তের পরপরই একসঙ্গে সারিবদ্ধ অবস্থায় দেখা দেবে ছয়টি গ্রহ। এ ঘটনাকে জ্যোতির্বিদরা সাধারণত ‘গ্রহের শোভাযাত্রা’ বা ‘গ্রহসমাবেশও’ বলে থাকেন। আকাশ পর্যবেক্ষকরা বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনকে আকাশজুড়ে কাছাকাছি সারিবদ্ধ অবস্থায় দেখতে পারবেন। এটি একটি বিরল মহাজাগতিক প্রদর্শনী।
শুক্র, বৃহস্পতি ও শনিকে খালি চোখেই দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা। বুধকে পশ্চিম দিগন্তের কাছাকাছি নিচু অবস্থানে দেখা যাবে। তবে ইউরেনাস ও নেপচুন দেখতে হলে দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।
বৃহস্পতি গ্রহ আকাশের বিপরীত প্রান্তে দৃশ্যমান হবে। শনি গ্রহ শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি অবস্থানে দেখা যাবে। বুধ গ্রহ পশ্চিম দিগন্তের খুব কাছাকাছি থাকবে, ফলে পরিষ্কার ও বাধাহীন দৃষ্টিসীমা না থাকলে এটি দেখা কঠিন হতে পারে।
সূর্যাস্তের পর প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই দৃশ্য দেখা যাবে। এরপর ধীরে ধীরে কয়েকটি গ্রহ দিগন্তের নিচে নেমে যাবে। এ বিন্যাসটি মূলত একটি দৃশ্যমান প্রভাব। বাস্তবে গ্রহগুলো একে অপরের থেকে লক্ষ লক্ষ বা কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করে।
এমন ঘটনা আগেও ঘটেছে। ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—এ সাতটি গ্রহ এক লাইনে দেখা গিয়েছিল। এমন দৃশ্য ২০৪০ সালের আগে আর দেখা যাবে না।
জ্যোতির্বিদরা জানিয়েছেন, একসঙ্গে একাধিক গ্রহ যখন আকাশের তুলনামূলক সংকীর্ণ অংশে অবস্থান করে, তখনই এমন গ্রহসমাবেশ দেখা যায়। এ বিশেষ দৃশ্যটি উত্তর গোলার্ধ থেকে তুলনামূলকভাবে বেশি স্পষ্টভাবে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। তথ্যসূত্র: আনাদোলু, জিও নিউজ
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































