ছবি: সংগৃহীত
শ্রমিকদের বকেয়া বেতন আগামী সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (০৩ মার্চ) রাজধানীর সিরডাপে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম সভা এবং তৈরি পোশাক খাতসংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩তম সভায় তিনি এ নির্দেশনা দেন।
আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের সকল বকেয়া বেতন নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। একইসঙ্গে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের ঈদ বোনাস আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন।
সভায় শ্রমমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকপক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে যাতে কোনো ধরনের জনভোগান্তি বা শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়। তিনি আরও জানান, যৌক্তিক কারণ ছাড়া শ্রমিকদের লে-অফ বা ছাঁটাই করা যাবে না।
আরও পড়ুন <<>> মেট্রোরেল-ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা, জানালেন মন্ত্রী
শ্রমিকদের ঈদের ছুটি প্রসঙ্গে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিক ও শ্রমিকপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটি নির্ধারণ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমখাতে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। এজন্য শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে মালিকদের প্রতি আহবান জানানো হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































