ফাইল ছবি
বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৪ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।
ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।
ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।
উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ–পূর্বে।
রাজধানীতে কম্পনের কারণে আতঙ্কিত হয়ে অনেকেই বাসা থেকে দ্রুত বেরিয়ে খোলা স্থানে আশ্রয় নেন। সিলেট, কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাতেও একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে উৎপন্ন মাঝারি মাত্রার ভূমিকম্প বাংলাদেশে প্রায়ই অনুভূত হয়। তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদফতর।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































