মোহাম্মদ আবদুল মোমেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংস্থাটির ২ কমিশনারও পদত্যাগ করেছেন।
তারা হলেন, মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে তারা সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সে সময় তিনি যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবদুল মোমেন চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হন। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেয়া হয়।
২০২৪ সালের ১০ ডিসেম্বর তাকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। একই দিনে দুর্নীতিবিরোধী সংস্থাটির দুই কমিশনারও নিয়োগ দেয়া হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে আবদুল মোমেনের কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করে। এক বক্তব্যে তিনি দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান জানান।
আবদুল মোমেন বলেছিলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের নির্বাচিত করলে দুর্নীতি কমবে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত দুর্নীতির অর্থ বিদেশে পাচারে রাজনৈতিক এলিটদের ভূমিকা ছিল।
আরও পড়ুন : বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস জয় পেয়ে বিএনপি সরকার গঠন করে। প্রায় দুই দশক পর ক্ষমতায় আসা দলটি প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনছে। এর মধ্যে কোনো কোনো কর্মকর্তা স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। এবার নিজ থেকে পদত্যাগ করার তালিকায় যুক্ত হলেন দুদক চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির দুই কমিশনার।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































