ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে লেবাননে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির অবনতিতে দেশটিতে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবার বালচ জানান, রক্ষণশীল হিসাব অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত হয়েছেন। অনেক বাস্তুচ্যুত মানুষকে সড়কের পাশে গাড়িতে রাত কাটাতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (০৩ মার্চ) এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) লেবাননের আরও ভেতরের এলাকায় অগ্রসর হয়ে নিয়ন্ত্রণ নেয়ার অনুমতি দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় যাতে আর কোনো রকেট হামলা না হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন <<>> মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
অন্যদিকে ইরানেও সংঘাতের ভয়াবহতা বাড়ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
এর আগে ১ মার্চের ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ৫৭ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল রেড ক্রিসেন্ট। বর্তমান পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































