এএফসি নারী এশিয়ান কাপ, অস্ট্রেলিয়া
অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ। রোববার (০১ মার্চ) অস্ট্রেলিয়ার পার্থে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। ১২ দলের এ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।
মঙ্গলবার (০৩ মার্চ) নারী এশিয়ান কাপে অভিষেক হতে যাচ্ছে লাল সবুজ দলের। অভিষেক ম্যাচে আফঈদা-ঋতুপর্ণাদের প্রতিপক্ষ শক্তিশালী চীন। ৫১ বছরের টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে সফল দল চীন, যারা নয়বারের চ্যাম্পিয়ন।
লড়াইয়ে নামার আগে বাংলাদেশ ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাচ্ছে না। আন্তর্জাতিক ম্যাচ কিংবা টুর্নামেন্টের আগেরদিন ম্যাচ ভেন্যুতে ঘণ্টাখানেক অনুশীলন করে সফরকারী কিংবা উভয় দল। যাতে ম্যাচের আগে সে মাঠ ও ঘাসের সঙ্গে ফুটবলাররা মানিয়ে নিতে পারেন।
সাধারণ নিয়মানুযায়ী ম্যাচের আগেরদিন চীন ও বাংলাদেশ উভয় দলের অনুশীলন করার কথা। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ টুর্নামেন্টে ম্যাচের আগেরদিন কোনো দলকেই ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ দেয়নি।
আরও পড়ুন<<>>যুদ্ধে সৌদিতে আটকে মুশফিক, দেশে ফেরার আকুতি
মাঠ সুরক্ষার জন্যই মূলত এএফসি এ নীতি অবলম্বন করেছে। ম্যাচের আগেরদিন পুরোদস্তুর অনুশীলন করার সুযোগ না দিলেও উভয় দলকে পনেরো মিনিট মাঠে হাঁটার সময়সূচি বরাদ্দ। দলীয় সূত্রের খবর, বাংলাদেশের জন্য সে সূচি সোমবার (০২ মার্চ) দুপুর ১টা থেকে সোয়া ১টা।
বাংলাদেশ অনুশীলন করছে জুবলি স্টেডিয়ামে। সোমবারও বাংলাদেশ জুবলি স্টেডিয়ামে সকাল ৯টা থেকেই অনুশীলন করবে। ম্যাচের আগেরদিন নির্ধারিত সংবাদ সম্মেলনে কোচ ও একজন খেলোয়াড় থাকবেন। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে সোয়া ১২টা। সকালে অনুশীলন করে এসে মধ্যাহ্নভোজ সেরে স্টেডিয়ামে হাঁটতে না যাওয়ার পক্ষেই রয়েছেন কোচ বাটলার।
ম্যাচের আগে ভেন্যুতে অনুশীলনের সুযোগ নেই। এতে তেমন চিন্তিত নন বাংলাদেশের মিডফিল্ডের অন্যতম ভরসা মনিকা চাকমা, এখানে কোনো সমস্যা নেই। এ মাঠও ভালো, ওটা যেরকম মাঠ এটাও সে রকম।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































