ছবি: সংগৃহীত
কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে জাপান সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ২ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করবে।
মঙ্গলবার (০৩ মার্চ) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন জিউসেপ্পে লোপ্রেতে এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন।
এ অর্থ সহায়তার মাধ্যমে প্রায় পাঁচ লাখ ৬৫ হাজার রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য সমন্বিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে আশ্রয় সুবিধা উন্নয়ন, খাদ্য সামগ্রী বিতরণ, এলপিজি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সাইট ম্যানেজমেন্ট এবং সাইট ডেভেলপমেন্ট কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
অনুদানের অর্থ কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত শরণার্থীদের জীবিকা সহায়তায়ও ব্যয় করা হবে। পাশাপাশি কক্সবাজারের বাস্তুচ্যুত ও দুর্যোগঝুঁকিতে থাকা আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম বাস্তবায়নেও এ সহায়তা ব্যবহার করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাইদা শিনিচি আশা প্রকাশ করেন, জাপান সরকারের এ সহায়তা রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী—উভয়ের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগণের পাশে থাকতে জাপান সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আইওএমের সঙ্গে চলমান অংশীদারত্বের মাধ্যমে দীর্ঘস্থায়ী মানবিক সংকট মোকাবিলায় জীবনমান উন্নয়ন, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং মানবিক মর্যাদা রক্ষায় সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
আইওএম বাংলাদেশের মিশনপ্রধান জিউসেপ্পে লোপ্রেতে বলেন, ২০২৬ সালে কক্সবাজারে মানবিক সহায়তা কার্যক্রম আরও জরুরি হয়ে উঠেছে। কারণ শরণার্থীদের চাহিদা ক্রমেই বাড়ছে, অথচ এখনো টেকসই দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত হয়নি।
আরও পড়ুন <<>> শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকারের নির্দেশনা
তিনি জাপান সরকারের ধারাবাহিক ও উদার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, এ অনুদান আইওএম ও এর অংশীদারদের আশ্রয় ও স্বাস্থ্যসেবাসহ গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী সহায়তা প্রদান জোরদার করবে।
এছাড়া রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জলবায়ুজনিত দুর্যোগ এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করবে বলে জানান তিনি।
বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় রেখে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন আইওএমের মিশনপ্রধান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































