ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। নরওয়ে, সুইডেন, পাকিস্তান ও স্পেনের মতো দেশগুলো এ হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দাবি তুলেছে।
এ উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করল ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তার বক্তব্যে শান্তির বার্তার পাশাপাশি সামরিক প্রস্তুতির ইঙ্গিতও পাওয়া গেছে।
প্রেসিডেন্ট ম্যাক্রন সাফ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি চলছে তা অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, এ উত্তেজনা অবশ্যই বন্ধ হতে হবে। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। এর পরিণতি পুরো বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে।
ফ্রান্স সরকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ম্যাক্রন জানিয়েছেন, এ সংকটময় মুহূর্তে ফ্রান্সের জাতীয় ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে ফ্রান্সের যে সমস্ত সম্পদ বা স্থাপনা রয়েছে, সেগুলো রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
ম্যাক্রন তার মিত্রদের সুরক্ষায় বড় ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় ‘প্রয়োজনীয় সম্পদ মোতায়েন’ করতে প্রস্তুত রয়েছে। তবে এটি তখনই ঘটবে যদি সংশ্লিষ্ট দেশগুলো ফ্রান্সের কাছে কোনো অনুরোধ বা আবেদন জানায়। সূত্র: আলজাজিরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































