Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪২, ১৩ আগস্ট ২০২৬

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সে সঙ্গে এসময়ে নতুন করে আরও ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এসময়ে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ৩ শিশুর প্রাণহানি হয়েছে।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৯১ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময়ে আরও ৯৫১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

আরও পড়ুন <<>> ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার ৭৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সে সঙ্গে এ সময়ে মোট ১৭ হাজার ৫৪৩ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন এরই মধ্যে বাড়ি ফিরেছেন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়