Apan Desh | আপন দেশ

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪২, ১১ আগস্ট ২০২৬

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

খায়রুল বাসার। ফাইল ছবি

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ের ওপর শুটিং শেষ ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুটিংয়ের কয়েকটি দৃশ্য পাহাড়ের ওপর ছিল। সেখানে শুটিং শেষ করে নামার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। স্কুটি চিত্রগ্রাহক মেহেদী রনি চালাচ্ছিলেন।

অভিনেতা খায়রুল বাসার দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নাটকের শুটিং করার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। কাজ ঠিকমত হচ্ছিল। কোলান দ্বীপে একটি দৃশ্যের শুটিং ছিল। একপর্যায়ে পাহাড়ের ওপর শুটিং করেন। সবই ঠিকমত হয়েছে। কিন্তু সেখান থেকে নামার সময় হঠাৎ তাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। আর সঙ্গে সঙ্গে তারা পড়ে যান।

সবকিছু খুব দ্রুত ঘটে যায়। তাদের শুটিং টিম কিছুটা দূরে ছিল। তবে তারাই তাদের উদ্ধার করেছেন।

এ ব্যাপারে খায়রুল বাসার বলেন, দুর্ঘটনায় আমি বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত পেয়েছি। এখন হাঁটতে কষ্ট হচ্ছে। আমরা এখন পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব আমরা। আর এ অবস্থায় আমাদের শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা এখন, তাতে শুটিং করা কোনোভাবেই সম্ভব নয়।

আরও পড়ুন <<>> লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

এ অভিনেতা জানান, দুর্ঘটনায় চিত্রগ্রাহকের শরীরের কিছু অংশ ছুলে গেছে। বেশ আহত হয়েছেন। তাদের দু’জনেরই এক্স-রে করাতে হবে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। যদিও কাল তার শুটিং ছিল না, পরে ছিল। তবে এখন বিশ্রাম নিতে হবে তার। এ অবস্থায় আগামী কয়েক দিন শুটিং করা সম্ভব নয় বলেও জানিয়েছেন খায়রুল বাসার।

জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করার জন্য গেছেন খায়রুল বাসার। ঈদ পরবর্তীতে বিরতি কাটিয়ে থাইল্যান্ডে শুটিং করলেন। নাটকে তার সহশিল্পী ছিলেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়