ওটিলিয়া ব্রুমা। ছবি : সংগৃহীত
চার বছর পর আবারও ঢাকার মঞ্চ মাতাবেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীতে গান শোনাবেন এ তারকা কণ্ঠশিল্পী।
তাকে ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। একই মঞ্চে থাকছেন বাংলাদেশের সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি হবে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে। আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৫টায়। দর্শকদের জন্য প্রবেশ মুখ খুলে দেয়া হবে বিকেল ৩টায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন ওটিলিয়া নিজেই।
ভক্তদের উদ্দেশে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এ সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব ভক্তদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।
ঢাকায় পৌঁছে এক সংবাদ সম্মেলনেও অংশ নেন এ রোমানিয়ান সংগীতশিল্পী। তিনি জানান, বাংলাদেশের দর্শকদের জন্য এবার নতুন সংগীত উপহার দিতে চান। ২০২২ সালে বাংলাদেশে এসে দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছিলেন, তা তার মনে রয়েছে। এবারের পরিবেশনাও দর্শকদের জন্য স্মরণীয় করে রাখতে চান তিনি। পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখা, স্থানীয় খাবার উপভোগ করা এবং বাংলাদেশের মানুষের সঙ্গে সময় কাটানোর আগ্রহের কথাও জানিয়েছেন ওটিলিয়া।
আরও পড়ুন <<>> চার বছর পর ঢাকায় ফিরলেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া
এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন ওটিলিয়া। চার বছর পর আবারও তার বাংলাদেশ সফরকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
বলে রাখা যায়, ৩৪ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































