ছবি : আপন দেশ
ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে বুধবার (১২ আগস্ট) লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
বুধবার সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি।
তথ্যটি নিশ্চিত করেছেন তার ছেলে মিরাজুল মইন জয়। এ সময় অভিনেতার সঙ্গে থাকবেন তার স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স।
লন্ডনে পৌঁছানোর পর এক সপ্তাহ বিশ্রামে থাকবেন ইলিয়াস কাঞ্চন। এরপর শুরু হবে পরবর্তী ধাপের চিকিৎসা।
প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন।
জয় জানান, পূর্ব লন্ডনের টেমস নদীতীরবর্তী শহর বার্কিংয়ে থাকেন তার বোন ইমা ইসলাম। এবার লন্ডনে ফিরে সেখানেই উঠবেন ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর এর আগে হাসপাতালের পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেই চিকিৎসা নিয়েছিলেন তিনি। এবারও মাউন্ট ভার্নন হাসপাতালে তার চিকিৎসা শুরু হবে।
গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকি থাকায় পুরো টিউমার সরানো সম্ভব হয়নি। এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা।
টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপিও নিতে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে।
সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় ৬০টির বেশি কেমোথেরাপি নিয়েছেন তিনি। এরপর প্রথম ধাপের তিন মাসের ওরাল থেরাপি শেষ করে আরও তিন মাসের দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি নেন অভিনেতা।
জয় জানান, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা সন্তুষ্ট। চিকিৎসায় টিউমারটি অনেকটাই ছোট হয়ে এসেছে। যেহেতু এখনো টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি এবং কেমোথেরাপির ধাপও শেষ হয়েছে, তাই এবার নতুন চিকিৎসাপদ্ধতি শুরু করার কথা ভাবছেন চিকিৎসকরা।
লন্ডনে পৌঁছানোর পর সিটি স্ক্যান, এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসব পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেই পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করবেন চিকিৎসকরা।
আরও পড়ুন : অভিকার পরে এবার স্বরা হাসপাতালে ভর্তি, কী হলো এ ২ অভিনেত্রীর
এর আগে গত ৩ আগস্ট পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাতে দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর তার সঙ্গে দেখা করেছেন চলচ্চিত্র অভিনেতা আলমগীর, মিশা সওদাগর, অভিনেত্রী শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা, চম্পা, মুক্তিসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।
গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশেও যোগ দেন ইলিয়াস কাঞ্চন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































