Apan Desh | আপন দেশ

কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন জাহ্নবী কাপুর?

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২০, ৯ এপ্রিল ২০২৬

কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন জাহ্নবী কাপুর?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর

সাপ নিয়ে কোনো গল্প হলেই মনে পড়ে শ্রীদেবীর কথা। যিনি ছিলেন ভারতের বিখ্যাত অভিনেত্রী। কয়েক বছর আগে দুনিয়া থেকে গত হয়েছেন নাগিন খ্যাত এ বলিউড নায়িকা। তবে রেখে গেছেন তার যোগ্য উত্তরসূরী। কন্যা জাহ্নবী কাপুর। এ তরুণী ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। 

এরপর ‘রুহি’ ‘গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল’ ‘ঘোস্ট স্টোরিজ’ ও ‘পরম সুন্দরী’ সিনেমায় অভিনয় করেন তিনি। দক্ষিণী সিনেমায়ও অভিষেক হয়েছে তার। ‘দেবারা’ শিরোনামের এ সিনেমায় নায়ক হিসেবে পেয়েছেন জুনিয়র এনটিআরকে। জাহ্নবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’। 

সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। জাহ্নবীর পরবর্তী সিনেমা ‘পেদ্দি’। সিনেমাটিতে রাম চরণের বিপরীতে অভিনয় করছেন এ অভিনেত্রী। তেলেগু ভাষার এ সিনেমা পরিচালনা করছেন বুচি বাবু সানা। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

বলিউডে নিজের যোগ্যতা দিয়ে পায়ের নিচে মাটি শক্ত করেছেন তিনি। জড়িয়েছেন সম্পর্কেও। প্রেমিকের নাম শিখর পাহাড়িয়া। তাকে নিয়ে নিজের প্রেমের কথা উজাড় করে দেন এ অভিনেত্রী। বেশ কয়েক বছর হয়ে গেল, তারা একে অপরকে সম্পর্কে জড়িয়ে আছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন জাহ্নবী কাপুর? প্রেমকে যেভাবে দেখেন অভিনেত্রী জানালেন সে কথা। যে কোনো সমস্যা ও দুশ্চিন্তায় প্রেমিকের কাছে অনায়াসেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান বলে জানান জাহ্নবী কাপুর। 

আরও পড়ুন<<>>কার কাছে ভালোবাসা শিখেছেন জোতির্ময়ী

অভিনেত্রী বলেন, ভালোবাসা আসলে নিরাপত্তার মতো, যেখানে সবচেয়ে স্বচ্ছন্দ ও নিরাপদে থাকা যায়। যখন খুব অসহায় লাগে, তখন ভালোবাসাই সাহায্য করে। এর চেয়ে বড় কিছু হয় না। তিনি বলেন, ও (শিখর) রয়েছে বলেই আমার আর আগের মতো অসহায় লাগে না। ওর উপস্থিতি সব সময়ে আমাকে সাহায্য করেছে।

তিনি বলেন, শুধুই স্বাচ্ছন্দ্যবোধ নয়; শিখর সঙ্গে থাকলে তার মনে কোনো নিরাপত্তাহীনতা থাকে না। শুধুই শান্তি নয়; ও আমার নিরাপদ স্থলও। ওর সামনে আমি একটা বাচ্চার মতোও থাকতে পারি। আমি আর কারও সঙ্গে এত আনন্দ পাই না। ভালোবাসা খুঁজে পেলে এমনই লাগে। আমার মনে হয়, ভালোবাসা পেলে একেবারে নিজের মতো করে বাঁচা যায় বলেও জানান জাহ্নবী কাপুর।

অভিনেত্রী বলেন, শিখর তার সব কথা মন দিয়ে শোনেন। তাকে সব সময়ে গুরুত্ব দেন। কোনো বিষয় নিয়েই শিখর তাকে কখনো বাঁকা চোখে দেখেন না কিংবা তির্যক মন্তব্যও করেন না। প্রতিটি কাজে উৎসাহ পান তিনি। তাদের বিয়ে নিয়ে জল্পনাও বারবার উঠে এসেছে বলে জানিয়েছেন জাহ্নবী কাপুর। অভিনেত্রী বলেন, তবে তারা কবে বিয়ে করবেন, এখনো সে বিষয়টি স্পষ্ট নয়।

উল্লেখ্য, অভিনেত্রী জাহ্নবী কাপুর আলো ঝলমলে বেড়ে ওঠা জীবনে কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন। সে ছোটবেলা থেকেই মায়ের ওপরই শ্রীদেবীকন্যার সম্পূর্ণ নির্ভরতা ছিল। কিন্তু ২০১৮ সালে তার প্রথম সিনেমা ‘ধড়ক’ মুক্তির আগেই মায়ের মৃত্যু তাকে হঠাৎ করেই পরিণত করে তোলে। জীবনের সে সময়টি ছিল তার জন্য অত্যন্ত কঠিন— একদিকে শোক, অন্যদিকে নিজের জীবন সামলানোর দায়িত্ব। মায়ের মৃত্যুর পর জীবনের কিছু ক্ষেত্রে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কিছু মানুষকে বিশ্বাস করেছিলেন, যা পরে তার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে সামলে নিতেও সক্ষম হন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়