২০১৯ সালে সারোগেসির মাধ্যমে প্রথমবার মা হন জিতেন্দ্রকন্যা একতা কাপুর। ছেলের নাম রেখেছেন রবি। বয়স পাঁচ বছর। এবার বলিপাড়ায় ফের গুঞ্জন, দ্বিতীয়বার মা হতে চলেছেন খ্যাতনামী এ প্রযোজক। এবারও সারোগেসির মাধ্যমেই মা হচ্ছেন তিনি।
জিতেন্দ্রর দুই সন্তান একতা ও তুষার- কেউ-ই বিয়ে করেননি। ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তার ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছিলেন একতা। ভাতিজাকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন।
ঘনিষ্ঠ মহলে একতা জানিয়েছেন, তিনি বিয়ে করবেন না। কিন্তু মা হয়ে সন্তানকে বড় করতে চান। সে কারণেই সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন>> প্রভার প্রেমিক হতে লাগবে মাত্র দুটো গুণ
৩৬ বছর বয়স থেকেই নিজেই ডিম্বাণু সংরক্ষণ করছেন একতা। বিয়েতে অনীহা, তবু মা হতে চেয়েছিলেন। তাই সারোগেসির মাধ্যমেই মা হয়েছেন তিনি। এবারও সেই পন্থাই অবলম্বন করবেন। এমন গুঞ্জনে অবশেষে মুখ খুললেন একতা কাপুর।
বলিউডের এ প্রযোজক জানিয়েছেন, খবরটা ভুয়া। তিনি বলেন, ‘এ ধরনের ভুল খবর ছড়িয়ে দেয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। এক্সক্লুসিভের নামে মিথ্যে খবর ছড়িয়ে দেয়া ঠিক নয়। এটা খুবই হাস্যকর। কোথা থেকে লোকজন এ খবর পান! এ ধরনের খবর প্রকাশের আগে তথ্য যাচাই করা উচিত।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই বলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘শীঘ্রই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন একতা কাপুর। তার পাঁচ বছরের ছেলে রবি নিজের ভাইবোন চায়। আর একতা ছেলের এ অনুভূতি বেশ বুঝতে পারেন। আর তাই তিনি ছেলেকে এ ভাইবোনের সুখ দিতে চান ও ছেলের ইচ্ছে পূরণ করতে চান।’
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































