Apan Desh | আপন দেশ

ধান চাষে মিথেন নিঃসরণ কমাতে বাকৃবি-জাপানি প্রতিষ্ঠানের সমঝোতা

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৭, ৬ অক্টোবর ২০২৬

ধান চাষে মিথেন নিঃসরণ কমাতে বাকৃবি-জাপানি প্রতিষ্ঠানের সমঝোতা

ছবি: আপন দেশ

বাংলাদেশে ধান চাষে মিথেন নিঃসরণ কমানো, সেচের পানি সাশ্রয় এবং পরিবেশগত টেকসই উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে বাকৃবি-জাপানি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই হয়েছে। 

জাপানের ব্যবসা উন্নয়ন প্রতিষ্ঠান এজিআই-সিএলই কোং লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি সমর্থিত স্যানরাইস প্রকল্প।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার অংশ নেন।

এ অংশীদারত্বের মূল লক্ষ্য হলো স্যানরাইস প্রকল্পের উদ্ভাবিত 3F4D+MD সেচ পদ্ধতির মাধ্যমে ধান চাষে মিথেন নিঃসরণ কমানোর কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে নিরূপণ করা। পাশাপাশি পানি সাশ্রয়, জনস্বাস্থ্য উন্নয়ন, পরিবেশগত স্থায়িত্ব এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এ পদ্ধতির ভূমিকা মূল্যায়ন করা হবে।

স্যানরাইস প্রকল্পের আওতায় উদ্ভাবিত 3F4D+MD একটি বিরতিযুক্ত সেচ পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে জমিতে সবসময় পানি ধরে রাখার পরিবর্তে নির্দিষ্ট সময় পরপর সেচ দেয়ার মাধ্যমে এ পদ্ধতিতে ধান চাষ করা হয়। এতে ধানের শস্যে আর্সেনিকের পরিমাণ কমানোর পাশাপাশি সেচের পানি সাশ্রয় করা সম্ভব হয়। একই সঙ্গে ফলনেও কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। 

আরও পড়ুন<<>>গোবিপ্রবি’তে অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

২০২২ সাল থেকে জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-এর সহযোগিতায় স্যানরাইস প্রকল্পটি পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাপানের দ্য ইউনিভার্সিটি অব টোকিও এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের যৌথ গবেষণার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

3F4D+MD সেচ পদ্ধতিটি ইতোমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক মাঠ এবং যশোর জেলার কৃষকের জমিতে সফলভাবে প্রয়োগ ও যাচাই করা হয়েছে।

স্যানরাইস প্রকল্প ও এজিআই-সিএলইর মধ্যে এবারের যৌথ গবেষণা এ ধরনের প্রথম উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে 3F4D+MD পদ্ধতি ধান চাষের পরিবেশগত প্রভাব কমাতে কতটা কার্যকর, সে বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ তুলে ধরা হবে।

এর আগে পদ্ধতিটির মাধ্যমে ধানে আর্সেনিকের পরিমাণ কমানো এবং সেচের পানি সাশ্রয়ের সুবিধা প্রমাণিত হয়েছে। নতুন এ গবেষণার মাধ্যমে এর সঙ্গে মিথেন নিঃসরণ কমানোর সম্ভাবনাও বৈজ্ঞানিকভাবে যাচাই করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়