Apan Desh | আপন দেশ

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৪৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত

ফাইল ছবি, আপন দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর নিয়োগ ও পদায়নের সময়সূচি চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র জারি করতে বলা হয়েছে। এরপর ০১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান এবং ০৪ অক্টোবর পদায়নের আদেশ জারি করা হবে।

সম্প্রতি এ-সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা। এতে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির জন্য নির্দিষ্ট সময়সীমা ও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করতে হবে। কোনো প্রার্থীর নিয়োগপত্র জারি করা সম্ভব না হলে এর কারণ, কোটা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত উল্লেখ করে তালিকা তৈরি করতে হবে। যা আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে।

নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের আগামী ০১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। যোগদানের পর ০৪ অক্টোবর তাদের পদায়নের আদেশ জারি করা হবে। তবে নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণের সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

নিয়োগপত্র জারির আগে নির্বাচিত প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা এবং মূল আবেদনপত্রে দেয়া অন্যান্য তথ্য ও সনদপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে বলা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩০ নভেম্বর সাধারণ প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 

আরও পড়ুন<<>>হারানো-নষ্ট পাসপোর্ট ইস্যুতে নতুন নির্দেশনা

এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেয়া স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ এবং ডোপ টেস্টের রিপোর্ট যাচাই করে নিয়োগ আদেশ জারি করতে হবে। নিয়োগপত্র ইস্যুর আগে কোনো ভুলত্রুটি বা অসংগতি ধরা পড়লে, স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ না থাকলে কিংবা ডোপ টেস্টের রিপোর্ট নেতিবাচক হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র স্থগিত রাখতে হবে। এসব বিষয়ে প্রতিবেদন ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে।

পুলিশ ভেরিফিকেশন ও এনএসআইয়ের গোয়েন্দা প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য পাওয়া গেলে তার অনুকূলে নিয়োগ আদেশ জারি করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নিয়োগপত্র তৈরির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত নমুনা অনুযায়ী প্রার্থীর নাম, মাতা, পিতা বা স্বামীর নাম, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা মূল আবেদনপত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে।

এর আগে গত ০৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়। পার্বত্য তিন জেলা বাদে  ওই পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

পরে গত ০৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়