ছবি : আপন দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে জবি ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম আরিফ, জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
তারা আরও জানান, সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা শিবির সদস্যদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
জানা গেছে, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শিবিরের একদল নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গণমাধ্যমকে জানান, সংঘর্ষের পর ক্যাম্পাস ও এর আশপাশের পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
আরও পড়ুন : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি
এর আগে সোমবার (০৩ আগস্ট) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' প্রদর্শনীতে একটি ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































