ফাইল ছবি
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ, ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সে সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) চালুর কথাও জানিয়েছে শিক্ষা বোর্ডটি।
বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তিনটি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সইয়ে বিজ্ঞপ্তিগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর মধ্যে একটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ ও কেন্দ্রের আশপাশে যানজট এড়াতে সকাল সাড়ে ৮টায় পরীক্ষা কেন্দ্রের গেট খোলার নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬ এর পরীক্ষা কেন্দ্রসমূহের আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে বলেও এতে উল্লেখ রয়েছে।
এদিকে অপর একটি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অনুমোদিত ৮টি সায়েন্টিফিক ক্যালকুলেটরের তালিকাসহ হাতঘড়ি ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>> বেসরকারি কলেজের ২৩৭ অধ্যক্ষ শোকজ
এতে বলা হয়, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ৮টি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এগুলো হলো- FX- 82MS, Fx- 100MS, Fx- 570MS, Fx- 991MS, Fx- 991Ex, Fx- 991ES, Fx- 991ES Plus ও Fx- 991CW।
এছাড়া পরীক্ষার্থীরা কেন্দ্রে কাঁটাযুক্ত (নন প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে আরেকটি বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুম খোলার কথা জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এতে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের সমস্যা, তথ্য আদান-প্রদান কিংবা জরুরি প্রয়োজনে ০২-২২৩৩৬৯৮১৫ নম্বরে টেলিফোন অথবা ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বর কিংবা [email protected] ই-মেইলে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































