ছবি: আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সমাপনী এবং সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ। অনুষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন করা ১৯২ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এরমধ্যে ৪ জন মালয়েশিয়ান ও ৫ জন নেপালি শিক্ষার্থী।
বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>টেলিটকের সঙ্গে বৈঠকে বসছে এনটিআরসিএ
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, দীর্ঘ সময়ের এ ইন্টার্নশিপে তোমরা অধ্যয়ন ও বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেক কিছু শিখেছো। হাসপাতাল, ল্যাবরেটরি ও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে পেশাগত দক্ষতা অর্জন করেছো। কেউ দেশে, কেউ বিদেশে ইন্টার্নশিপ করেছো, তবে উভয় ক্ষেত্রেই তোমরা নতুন মানুষ, নতুন পরিবেশ এবং নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছো। এ সময়ে ভালো অভিজ্ঞতার পাশাপাশি তোমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো, যা তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করবে। ইন্টার্নশিপ হল একাডেমিক জীবন ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। আশা করি এ ইন্টার্নশিপ তোমাদের চাকরি, উচ্চশিক্ষা কিংবা গবেষণাকাজে সহায়ক হবে।
অনুষ্ঠানের সভাপতি ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, এবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৫৫ জন ছাত্রছাত্রী বিদেশে ইন্টার্নশিপ সম্পন্ন করেছে। তাদের পারফরম্যান্স অত্যন্ত ভালো ছিল। বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তারা বাকৃবির মর্যাদা বজায় রেখেছে।
তিনি আরও বলেন, প্রাণী চিকিৎসা পেশা বর্তমানে শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়। ওয়ান হেলথ ধারণাসহ এটি বহু পেশার সঙ্গে সম্পৃক্ত। শিক্ষার্থীদের এখন সিদ্ধান্ত নিতে হবে তারা ক্লিনিশিয়ান হবে নাকি গবেষণার পথে এগোবে। তবে প্রাণীদের ভালোবেসে তাদের কষ্ট লাঘব করেই একজন প্রকৃত ভেটেরিনারিয়ান হওয়া সম্ভব।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































