ছবি : আপন দেশ
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হয়েছে।
একই সঙ্গে বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তরে সিঙ্গাপুরের ট্রেডট্রাস্ট প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে।
বুধবার (০৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। এসময় এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় আসে।
বৈঠকে সিঙ্গাপুরের ট্রেডট্রাস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের আলোকে এ কার্যক্রমে স্থানীয় ব্যাংকগুলোর আগ্রহ এবং ইতোমধ্যে কয়েকটি ব্যাংকের অংশগ্রহণের প্রশংসা করেন সিঙ্গাপুরের প্রতিনিধিরা।
বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক ও সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।
আরও পড়ুন <<>> বুধবার রাজধানীর যেসব মার্কেট-দোকান বন্ধ
সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার আহবান জানান তিনি।
সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দেশটির মিনিস্ট্রি অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির ওয়াং চু সিন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের বেনজামিন চুসহ একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ এবং পরিচালক আবু ছালেহ মুহাম্মদ সাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































