Apan Desh | আপন দেশ

নিউমুরিং টার্মিনাল ১৫ বছর চালাবে বিদেশি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:১৩, ১ অক্টোবর ২০২৬

নিউমুরিং টার্মিনাল ১৫ বছর চালাবে বিদেশি প্রতিষ্ঠান

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করবে সরকার। এর মেয়াদ ১৫ বছর। সরকারি-বেসরকারি অংশীদারত্বে টার্মিনালটি পরিচালনা হবে। এজন্য চুক্তির খসড়াকে অনুমোদন দেয়া হয়েছে। এখন চূড়ান্ত হবে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই নীতিগত অনুমোদন হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই বৈঠকে দেশে ইউরিয়া সারের নিরাপত্তা মজুদ গড়ে তুলতে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়। 
 
এ প্রস্তাবটি এমন এক সময় অনুমোদন করা হলো যখন এনসিটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব দেয়ার পর থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। 

এ বিষয়ে সরকার প্রক্রিয়া চালালেও শুরু থেকে এনসিটি বিদেশিদের হাতে দেয়ার বিরোধিতা করে আসছে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। ধারাবাহিকভাবে আন্দোলনও করছেন তারা।
 
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউমুরিং কনটেইনার টার্মিনাল, ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড’ শীর্ষক সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্রকল্পের আওতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ড একটি আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা হবে। এজন্য ১৫ বছর মেয়াদে চুক্তি করা হবে।  

এ জন্য স্বাক্ষরিতব্য রেয়াতি চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদনের বিষয়টি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

সরকারের ভাষ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যেই সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
 
আপন দেশ/কেএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়