ফাইল ছবি
ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত এ জ্বালানির দাম একলাফে প্রায় ১২ টাকা বেড়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বিইআরসি। নতুন দাম রাত ১২টা থেকেই কার্যকর হবে।
এবার এ জ্বালানী তেলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হয়েছে। ফলে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম নির্ধারণ দাঁড়ালো ১০৮ টাকা ৭৮ পয়সা।
বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গত ২২ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় এবং চলতি সেপ্টেম্বর মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের সিআইএফ মূল্যের ভিত্তিতে ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করা হয়েছে। এ ক্ষেত্রে ডলারের বিনিময় হারও বিবেচনায় নেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি নয়: বাণিজ্যমন্ত্রী
বিইআরসি আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪-এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আদেশ ৩০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের প্রতি লিটারের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা নির্ধারিত ছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































