ছবি : আপন দেশ
অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশের ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। এ ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (পশ্চিম) কমিশনারের নির্দেশনা ও পল্লবী বিভাগের কর্মকর্তার তত্ত্বাবধানে সোমবার (২১ সেপ্টেম্বর) কোরিয়ান মার্ট বাংলাদেশে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির ঠিকানা বাড়ি নম্বর ৩৪, রোড নম্বর ৩, ব্লক-ডি। প্রতিষ্ঠানটির বিআইএন নম্বর ০০৭৫৩৪৫১৪-০৪০১।
অভিযানের সময় প্রতিষ্ঠানটিকে মূসক-১২.১ প্রদর্শন করে নিবারক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানের ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিস, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা এবং বিভিন্ন দলিলাদি পর্যালোচনা করা হয়। এসব তথ্য পর্যালোচনায় ভ্যাট ফাঁকির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।
আরও পড়ুন <<>> ভারতীয় ইলিশ আমদানি বন্ধের ঘোষণা
পরে অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩ ইস্যু করা হয়। এর মাধ্যমে ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন দলিলাদির তথ্য পেনড্রাইভে সংরক্ষণ করে জব্দ করা হয়।
জব্দ করা নথিপত্র ও তথ্য যাচাই করে প্রতিষ্ঠানটির ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার অনিয়মতান্ত্রিক বিক্রয় তথ্য পাওয়া যায়। এসব বিক্রয়ের বিপরীতে ফাঁকি দেয়া মূসকের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা।
এ ঘটনায় কোরিয়ান মার্টের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































