ছবি: আপন দেশ
নাটোরের মাঠজুড়ে এখন আমন ধানের সবুজ-সোনালি সমারোহ। কোথাও ধান পাকতে শুরু করেছে, আবার কোথাও চলছে পাকা ধান কাটার প্রস্তুতি। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের তুলনামূলক কম প্রভাব থাকায় চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ফলন ভালো হলেও বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাটোর জেলায় ৭৮ হাজার ৫১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। মাঠপর্যায়ে ধানের অবস্থা ভালো থাকায় এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন পাওয়ার প্রত্যাশা করছে কৃষি বিভাগ।
জেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, আমন ধানের শীষে শীষে দানা ভরতে শুরু করেছে। অনেক জমিতে ধান সোনালি রং ধারণ করেছে। কোথাও কৃষকরা ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। আবার কোথাও শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ধানের ভালো অবস্থা দেখে কৃষকের মুখে হাসি ফুটলেও উৎপাদিত ফসলের দাম নিয়ে তাদের চিন্তা কাটছে না।
নলডাঙ্গা উপজেলার কৃষক আজাদ সরকার বলেন, এ বছর আবহাওয়া ভালো থাকায় ধানের অবস্থা বেশ ভালো। জমিতে ধানের শীষ ও দানা দেখে ভালো ফলনের আশা করছি। তবে সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেশি হয়েছে। ধানের দাম ভালো না পেলে লাভের মুখ দেখা কঠিন হবে।
সিংড়া উপজেলার কৃষক মো. সাইফুল ইসলাম বলেন, ধান চাষ করতে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক টাকা খরচ করতে হয়। জমি তৈরি, বীজ, সার, কীটনাশক, সেচ ও ধান কাটার শ্রমিকের মজুরি সবকিছুর দাম বেড়েছে। ফলন ভালো হলেও বাজারে ধানের ন্যায্য দাম না পেলে কৃষকদের লোকসানে পড়তে হবে। তাই সরকারিভাবে ধান সংগ্রহের সময় প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন<<>>নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
নলডাঙ্গা উপজেলায় ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিক আব্দুর সালাম মণ্ডল বলেন, আমন মৌসুমে ধান কাটা ও মাড়াইয়ের কাজে শ্রমিকদের ব্যস্ততা বেড়ে যায়। এ সময় কাজের সুযোগ তৈরি হয়। তবে শ্রমিক সংকট ও মজুরি নিয়ে কৃষকদের সঙ্গে অনেক সময় দর-কষাকষি হয়। সময়মতো ধান কাটতে না পারলে কৃষকের ক্ষতির আশঙ্কা থাকে।
কৃষকদের মতে, বর্তমানে ধান উৎপাদনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকা। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ প্রতিটি পর্যায়ে ব্যয় বাড়ছে। ফলে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা না গেলে কৃষকরা কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হবেন। তাদের দাবি, সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করে সরাসরি তাদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করতে হবে।
নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, চলতি মৌসুমে উপজেলার কৃষকরা আমন ধানের আবাদ করেছেন। মাঠপর্যায়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেয়া হচ্ছে। যেন তারা নির্বিঘ্নে ধান ঘরে তুলতে পারেন। ধান কাটার সময় আবহাওয়ার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত ফসল সংগ্রহের পরামর্শ দেয়া হচ্ছে।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. হাবিবুর রহমান খান বলেন, চলতি মৌসুমে জেলায় ৭৮ হাজার ৫১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সঠিক সময়ে সার সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ধানের ফলন ও গুণগত মান ধরে রাখতে কৃষকদের সময়মতো ফসল সংগ্রহ এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করার ওপর গুরুত্ব দিতে হবে।
সব মিলিয়ে চলতি আমন মৌসুমে নাটোরের কৃষকদের সামনে এখন ভালো ফলনের সম্ভাবনা। মাঠের সোনালি ধান ঘরে তোলার অপেক্ষায় দিন গুনছেন তারা। তবে শুধু বাম্পার ফলন নয়, উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করাও কৃষকদের অন্যতম প্রত্যাশা। কৃষকদের দাবি, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত চাষিদের অগ্রাধিকার এবং বাজারে ন্যায্য দাম নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদনে তাদের আগ্রহ আরও বাড়বে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































