ছবি: আপন দেশ
দিল্লিসহ বিশ্বের যেকোনো দেশে বাংলাদেশি মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮৪টি মিশন রয়েছে। প্রতিটি মিশনকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়। ফলে শেখ হাসিনা বাংলাদেশের যেকোনো মিশনে উপস্থিত হলেও তাকে গ্রেফতার করা হবে।
২০২৪ সালে অভ্যুত্থানের মুখে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনার পাসেপোর্ট বাতিল করা হয়। সম্প্রতি তিনি পাসপোর্ট চেয়ে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেন বলে রয়টার্স খবর দিয়েছিল।
রয়টার্স আজ আরেকটি প্রতিবেদনে জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। জাতীয় পতাকাবাহী বিমানের ফ্লাইটে দেশে ফেরানোর ব্যব্স্থা করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছেন তিনি।
এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।
এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদও মন্ত্রণালয়ে এনিয়ে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন।
শেখ হাসিনার মুখপাত্রের বরাতে তার ১৬ ডিসেম্বরের মধ্যে ফেরার সংবাদ এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ই-মেইলের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান সাংবাদিকরা।
জবাবে শামা ওবায়েদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পলাতক অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের সরকার ও আইন যে অবস্থান অনুসরণ করে, শেখ হাসিনার ক্ষেত্রেও একই অবস্থান থাকবে।
একজন আসামি, তিনি যদি দণ্ডপ্রাপ্ত, তারা যদি আসে, তাদের অবশ্যই জেলে যেতে হবে। এর ব্যত্যয় হবে না।
শেখ হাসিনাকে পাসপোর্ট ও এনআইডি দেয়ার বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন শামা ওবায়েদ।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে কোনো ব্যক্তি দণ্ডিত ও দোষী সাব্যস্ত হলে সরকার তাকে পাসপোর্ট, এনআইডি বা এ ধরনের কোনো সুবিধা দিতে বাধ্য নয়। শেখ হাসিনার ক্ষেত্রেও একই বিধান।
আরও পড়ুন <> শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে হুমায়ুন কবিরের কড়া বার্তা
আইনগত প্রক্রিয়ার বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও প্রক্রিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হবে।
শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের পাশাপাশি জুলাই-আগস্টে হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে বলে জানান তিনি।
নয়া দিল্লিতে হাই কমিশনে উপস্থিত হলে শেখ হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে কি না- এই প্রশ্নে শামা ওবায়েদ বলেন, উনি কোথায় আছেন, সেটাই তো কেউ জানে না। উনার চেহারা আপনারা দেখেছেন কি? আমরা তো দেখি নাই।
১৬ ডিসেম্বর জাতীয় পতাকাবাহী বিমানের ফ্লাইটে শেখ হাসিনার ফেরার ইচ্ছার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কে কোথায় লুকিয়ে থেকে কী বলছে, তা নিয়ে আলোচনা করা মিডিয়ার সময় নষ্ট, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট। আমাদের সবার সময় নষ্ট হচ্ছে।
দণ্ডিতদের ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও এনিয়ে কোনো কথা হয়নি জানিয়ে তিনি বলেন, এখানে প্লেন পাঠানো, হেলিকপ্টার পাঠানো, বাস পাঠানো, কোনো কথা কারো সঙ্গে হয়নি …. আসুক না, আসল অ্যারেস্ট হয়ে জেলে যাবে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্ট’ আখ্যায়িত করেন শামা ওবায়েদ। তার মতে, এতে দেশে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলা হচ্ছে।
‘উনি তো উনার নেতা-কর্মীদের ফেলে পালিয়ে গেছেন। এখন উনার যে নেতা-কর্মীরা দেশে আছেন, তাদের বিপদে ফেলছেন।’
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































