ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-চীন বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।
বুধবার (১৩ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৯ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ১০৭ দশমিক ৫৮ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৯ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে হয় ১০১ দশমিক ৭৯ ডলার।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম মূলত ১০০ ডলারের আশপাশে বা তার ওপরে অবস্থান করছে। যুদ্ধের জেরে তেহরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালি দিয়ে সরবরাহ হয়।
ফিলিপ নোভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেভা বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে প্রতিটি নতুন তথ্যের প্রতিক্রিয়ায় বাজার অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। ফলে তেলের দামে বড় ধরনের ওঠানামা অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির আরও অবনতি হলে কিংবা জ্বালানি সরবরাহ সরাসরি হুমকির মুখে পড়লে ব্রেন্ট ও ডব্লিউটিআই- উভয় ধরনের তেলের দাম আবারও দ্রুত বাড়তে পারে।’
আরও পড়ুন : সমালোচনার মুখে সেই জ্যোতিষীকে সরিয়ে দিলেন বিজয়
গবেষণা প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপ এক বার্তায় জানায়, সরবরাহ ব্যাহত হওয়ার সময়কাল দীর্ঘ হওয়া এবং ইতোমধ্যে ১ বিলিয়নের বেশি ব্যারেল তেলের ঘাটতি তৈরি হওয়ায় চলতি বছরের বাকি সময়জুড়ে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের ওপরে থাকতে পারে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































