ছবি: আপন দেশ
বরিশালে অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ মো. রাহুল হাওলাদার (যুবক) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল-হলুদ রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। অভিযানের সময় আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।
শনিবার (০৩ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশালের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর রসুলপুর বরফকল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যানের পাশে তিনজনকে অবস্থান করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সিরাজ মিয়া ও পলাশ হাওলাদার দৌড়ে পালিয়ে গেলেও রাহুল হাওলাদারকে আটক করা সম্ভব হয়।
আরও পড়ুন<<>>পাবনায় জনপ্রিয় হচ্ছে মুক্ত পানিতে খাঁচায় মাছ চাষ
পরে পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে এর পেছনের অংশে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। ওই চেম্বার থেকে ৩০টি প্যাকেটে রাখা মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গ্রেফতার রাহুল হাওলাদারের বাড়ি বরিশাল নগরীর কলাপট্টি এলাকায়। পালিয়ে যাওয়া সিরাজ মিয়ার বাড়ি ময়মনসিংহে হলেও তিনি কুমিল্লায় বসবাস করেন। অপর পলাতক পলাশ হাওলাদার বরিশাল নগরীর রসুলপুর এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহুল হাওলাদার জানিয়েছেন, তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বরিশালের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































