ছবি: আপন দেশ
গণঅধিকার পরিষদ ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াত-শিবিরের ৭ জন ও গণঅধিকার পরিষদের ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এসময় আমির হামজার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির কাঁচ ভেঙে গেছে। হামলায় গাড়ির সামনে বসা এমপির চাচার পা কেটে গেছে। এছাড়াও আমির হামজা নিজেও মাথায় আঘাত পেয়েছেন। বিক্ষোভ মিছিল থেকে এমপির বাড়িতেও ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরস্থ ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গণঅধিকার পরিষদ দুইজনের দল সম্প্রতি আমির হামজার এমন বক্তব্যের প্রতিবাদে তার বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেন দলটির কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক। বিকেল ৫টা থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে উত্তেজনা ছড়ায়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
আরও পড়ুন<<>>অবসর-কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী
এ সময় উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে যায়। এতে জামায়াত-শিবিরের ৭ জন ও গণঅধিকার পরিষদের ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, আমির হামজা আমাদের গণঅধিকার পরিষদকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেছেন। এ ঘটনার প্রতিবাদে আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল ৬ রাস্তার মোড়ে।
এ বিষয়ে এমপি আমির হামজা বলেন, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওই দিকে প্রোগ্রামে ছিলাম। এ সময় খবর পাই আমার বাবা-মা তুলে আমাকে গালাগালি করছে। আমি সদর থানার ওসিকে কল দিই। তার গাড়ি আগে এবং আমার গাড়ি পেছনে ছিল। এ সময় অতর্কিতভাবে আমার গাড়িতে লাঠি-হকিস্টিক দিয়ে হামলা করা হয়। গাড়ির সামনে বসে থাকা আমার চাচার পা কেটে যায় ও আমি মাথায় আঘাত পাই।
গণধিকার পরিষদের আব্দুল খালেক ও তৌকিরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। আমির হামজা বলেন, আমি এ বিষয়ে আজকেই মামলা করব।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির বাসভবনসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































