ছবি: আপন দেশ
দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার করার কোনো সুযোগ দেয়া হবে না। জনগণ যেকোনো ধরনের স্বৈরাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।
সোমবার (১০ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর প্রতিবাদী জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সাঘাটার জোড়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, রক্তপাত ও সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচারের দাবি দমন করা সম্ভব নয়। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
আরও পড়ুন <<>> ‘রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি ফিরে আসবে’
সমাবেশে যোগ দেয়ার আগে সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে সাঘাটায় যান ডা. মো. শফিকুর রহমান। সেখানে তিনি নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কবর জিয়ারত করেন।
এসময় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ন্যায়বিচারের বিষয়ে তাদের আশ্বস্ত করেন। পরে তিনি বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবাদী জনসমাবেশে যোগ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাঘাটার বোনারপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন জামায়াত কর্মী সালাউদ্দিন।
পরে ঢাকার একটি হাসপাতালে ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার (০৮ আগস্ট) সালাউদ্দিন মারা যান। একই ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী এ প্রতিবাদী জনসমাবেশের আয়োজন করে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































