ছবি : সংগৃহীত
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জিগাতলা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত মুকুল মিয়া (৩৩) নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়ার কালু মিয়ার ছেলে। আর শাকিব হোসেন (২৬) একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মুকুল ও শাকিব কুমিল্লার একটি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। শনিবার রাতে তারা সাইমুন ক্লাসিক নামের একটি বাসে করে কুমিল্লা থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাসের ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের স্বজনদের অভিযোগ, তাদের কাছে থাকা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে বাসের কর্মীদের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। তাদের হত্যার উদ্দেশ্যেই চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে বলে দাবি করেন স্বজনেরা।
আরও পড়ুন<<>>‘পাশের দেশ থেকে নাশকতার উসকানি দিচ্ছে আ.লীগ’
ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেন। এ সময় বাসের চালক জয়নাল ও হেলপার শফিককেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়। খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
পরে পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে ছুটে এলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































