Apan Desh | আপন দেশ

গোপালগঞ্জে আ. লীগের লগি-বৈঠা মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৩, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে আ. লীগের লগি-বৈঠা মিছিল

ছবি: আপন দেশ

গোপালগঞ্জ জেলা শহরে মিছিল ও মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লগি-বৈঠা হাতে নিষিদ্ধ এ সংগঠনের নেতা-কর্মীরা মহড়ায় অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) পুলিশের ব্যারিকেড ভেঙে সকাল থেকে প্রকাশ্যে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা।

এসময় একটি সুপারশপে ভাঙচুর করা হয়। কয়েকটি স্থানে টায়ারে আগুনও দেয়া হয়। কর্মসূচি ঘিরে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশ, বিজিবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, বেলা ১১টার পর জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী শহরে আসতে শুরু করেন। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় তারা জড়ো হন। দুপুর ১২টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা অ্যাকাডেমি এলাকা অতিক্রম করে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন মিছিলকারীরা।

এসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিলে লগি-বৈঠা হাতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাদের মধ্যে অনেক নারী কর্মীও ছিলেন। এসময় শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানোর ঘটনাও ঘটে।

আরও পড়ুন <<>> গাইবান্ধা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা

অন্যদিকে, গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’ এর নাম পরিবর্তন করে ‘জয় বাংলা’ চত্বর করা হয়েছে।

কর্মসূচি ঘিরে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। বিশেষ করে লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।

দুপুর ১টার দিকে মিছিলকারীরা শহর ছাড়তে শুরু করেন। বেলা দেড়টার দিকে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। খুলতে শুরু করে কিছু দোকানপাট। রিকশা ও ভ্যান চলাচলও শুরু হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়