Apan Desh | আপন দেশ

প্রেমিকার সঙ্গে ঘুরতে গিয়ে প্রেমিক নিহত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৩, ১০ আগস্ট ২০২৬

প্রেমিকার সঙ্গে ঘুরতে গিয়ে প্রেমিক নিহত

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের বোদায় প্রেমিকাকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা প্রেমিকা সুমি রানী আহত হয়েছেন।

রোববার (০৯ আগস্ট) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ধনিপাড়া গ্রামের উপেন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাড়েয়া থেকে প্রেমিকাকে নিয়ে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন স্বপন। ফুটকিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। দুর্ঘটনায় স্বপন ও সুমি রানী আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত স্বপনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেয়ার পথেই বোদার সাকোয়া এলাকায় তার মৃত্যু হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মারুফা বিনতে মতিন জানান, দুর্ঘটনায় আহত স্বপনকে বিকেলে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেয়ার আগেই পথে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন <<>> নাছিমা কাদির মোল্লা স্কুলের সবাই পেল জিপিএ-৫

বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্রের মৃত্যু হয়েছে। নিহত যুবক ও তার সঙ্গে থাকা তরুণী প্রেমিক-প্রেমিকা ছিলেন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।

নিহতের খালাতো ভাই জানান, স্বপন ও সুমি রানীর কিছুদিনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। তারা ঘুরতে বের হয়েছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে স্বপনের মৃত্যু হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়