Apan Desh | আপন দেশ

বন্দরে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৩, ৭ আগস্ট ২০২৬

বন্দরে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (০৭ আগস্ট) ২৭ নম্বর ওয়ার্ড বন্দরের কুড়িপাড়া চাপাতলী এলাকার সালাউদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মাইদুল ইসলাম, তার স্ত্রী বিউটি আক্তার এবং তাদের আট বছরের শিশুসন্তান মারুফ। 
তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে চাপাতলীর সালাউদ্দিনের ভাড়াটিয়া বাসায় বিস্ফোরণ ঘটে। এতে ওই বাসার তিনজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেছেন স্থানীয়রা।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার সকালে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন <<>> ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

এর মধ্যে মাইদুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ, বিউটি আক্তারের ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সঞ্চয় খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাপাতলী এলাকার সালাউদ্দিনের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যে ঘরে বিস্ফোরণ হয়েছে সে ঘরে গ্যাসের কোনো সংযোগ নেই।

এছাড়া বিদ্যুতের বোর্ডটিও অক্ষত রয়েছে। তদন্তের পর বিস্ফোরণের কারণ সম্পর্কে বলা যাবে। অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনকে চিকিৎসার জন্য দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়