Apan Desh | আপন দেশ

ফের পাহাড় ধস, প্রাণ হারাল রোহিঙ্গা শিশু

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৮, ৫ আগস্ট ২০২৬

ফের পাহাড় ধস, প্রাণ হারাল রোহিঙ্গা শিশু

ছবি : আপন দেশ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ পাহাড় ধসে ১৩ নম্বর ক্যাম্পে নুনুশি (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) দুপুরে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

টানা বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢাল থেকে হঠাৎ মাটি ও পাথর ধসে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুনুশি ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকের বাসিন্দা জামাত হোসেনের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গত রাত থেকে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্যাম্প এলাকার বিভিন্ন পাহাড়ি ঢাল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকে পাহাড় ধসের ঘটনায় নুনুশি নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পরপরই এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহবান জানানো হয়েছে।

আরও পড়ুন <<>> তোলারাম কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৫

বর্ষা মৌসুমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যায়। টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। গত মাসেও পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ১৯ জন রোহিঙ্গার প্রাণহানির ঘটনা ঘটেছে।

তাই ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement