ছবি: আপন দেশ
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৭ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজনকে ১৫১ ধারায়, তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে দুজনকে সাজা দেয়া হয়েছে। বাকি ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৫১ ধারায় একজন, মোবাইল কোর্টে দুজন এবং সন্ত্রাসবিরোধী আইনে তিনজনকে আটক করা হয়। বাকি ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫
থানাভিত্তিক তথ্যে, কোম্পানীগঞ্জে তিনজন, কবিরহাটে চারজন, সেনবাগে একজন, চরজব্বারে দুজন ও হাতিয়ায় ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেগমগঞ্জে পাঁচজন আটক করে দুজনকে মোবাইল কোর্টে সাজা দেয়া হয় এবং বাকি তিনজনকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। সোনাইমুড়ীতে পাঁচজন আটক করে তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক এবং দুজনকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। চাটখিলে ১৫১ ধারায় একজনকে আটক করা হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে সচেতনতামূলক এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































