ছবি: আপন দেশ
কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী ‘এসকে গ্রুপ’।
প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশের এ উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনা রয়েছে। অঞ্চলটিকে দক্ষিণ কোরিয়ার ‘উলসান’-এর মতো একটি আন্তর্জাতিক শক্তি ও জ্বালানি কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিনিয়োগ আগ্রহের কথা জানায় এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বৈঠকে প্রতিনিধিদলটি মাতারবাড়ীতে পরিকল্পিত এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্য অবকাঠামো, কারিগরি দিক ও বিনিয়োগ রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে একটি বিস্তারিত উপস্থাপনা (প্রেজেন্টেশন) তুলে ধরে।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। বাংলাদেশের বিকাশমান জ্বালানি খাতে এসকে গ্রুপের বিনিয়োগ আগ্রহকে তিনি সাধুবাদ জানান।
একইসঙ্গে প্রস্তাবিত এ মেগা প্রকল্পের প্রাথমিক কাজ দ্রুত এগিয়ে নেয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছানোর আহবান রাষ্ট্রপতির
সাক্ষাৎকালে এসকে গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির ভূয়সী প্রশংসা করেন।
একইসঙ্গে তারা বাংলাদেশের উদীয়মান বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘমেয়াদে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে তাদের দৃঢ় আগ্রহের কথা ব্যক্ত করেন।
উচ্চপর্যায়ের এ বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
দক্ষিণ কোরীয় প্রতিনিধিদলে অন্যদের মধ্যে শীর্ষ স্থানীয় তৈরি পোশাক ও বস্ত্র খাত প্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































