ছবি: আপন দেশ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি টেররিস্ট দল। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ দেশে অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ৫ আগস্টের আগের পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আট মাসের মাথায় এ কর্মকাণ্ডের প্রতিবাদে আমাদের রাজপথে নামতে হয়েছে।
বিএনপি ও তারেক রহমান সন্ত্রাস ও অগ্নিসংযোগের রাজনীতি করেন না উল্লেখ করে হুইপ দুলু জানান, সরকারি ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। এ সময় তিনি বিজয়ের মাস (ডিসেম্বর) জুড়ে নাটোরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণাও দেন তিনি।
আরও পড়ুন<<>>কেশবপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
এর আগে, আওয়ামী লীগের কথিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































