ফাইল ছবি, আপন দেশ
বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। হাইকোর্টের দেয়া এ আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ফলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন থেকে ভর্তি পরীক্ষা নিতে আইনগত বাধা থাকছে না। চাইলে তারা যে কোনো সময় ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবে।
বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
হাইকোর্টের আদেশে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেয়া যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেয়ার সুযোগ দিতে বলা হয়।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চেম্বার আদালতে শুনানি শেষে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।
উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের সময়ের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি সমন্বয় না করার অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এ রিট করেন।
আরও পড়ুন<<>>কুবি ভর্তি পরীক্ষার যোগ্যতায় শিথিলতা, বাড়ছে আসন
রিট আবেদনে বলা হয়, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাদের পুনরায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে। আগামী ডিসেম্বরে এ সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
অথচ এর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ০৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে। ফলে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়টির তিনটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
রিটে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করার অনুরোধ জানিয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেয়নি।
এ অবস্থায় সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সব যোগ্য শিক্ষার্থী যাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সমান সুযোগ পান। সে জন্য ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































