Apan Desh | আপন দেশ

তোলারাম কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৯, ৫ আগস্ট ২০২৬

তোলারাম কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৫

ছবি: আপন দেশ

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (০৫ আগস্ট) দুপুর বারোটার দিকে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. হাসিনুজ্জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেড় ঘণ্টা পর ফতুল্লা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা উভয়পক্ষকে চাষাঢ়ার কলেজ রোডে মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

জানতে চাইলে ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান বলেন, তোলারাম কলেজের ভেতরে আমাদের নেতাদের মারধর করেছে। গত কয়েকদিনের রাজনৈতিক উত্তাপকে ঘিরে এ ঘটনা ঘটিয়েছে ছাত্রদল। আমরা সেখানে গেলে লাঠিসোঁটা দিয়ে আমাদের কয়েকজনকেও আঘাত করেছে। আমিও মাথায় আঘাত পেয়েছি।

ছাত্রদল তোলারাম কলেজ শাখার সভাপতি মনির হোসেন জিয়া বলেন, তোলারাম কলেজে সভা চলছিল। সেখানে ওরা উচ্ছৃঙ্খল বক্তব্য দিচ্ছিল। আমরা বলেছি, এ ক্যাম্পাস সহাবস্থানে ছিল সহাবস্থানে আছে, কোনো উচ্ছৃঙ্খলতা চলবে না। এজন্য আমাদের ছাত্রদলের দুজনকে ওরা মারধর করেছে।

আরও পড়ুন <<>> আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষে রণক্ষেত্র

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

তিনি বলেন, তদন্ত করে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর এ এলাকায় যারা সন্ত্রাস কর্মকাণ্ডে জড়িত ছিল, যারা এ কাজ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, দেড়টার পর পুলিশ ছাত্রশিবিরের নেতাদের সরিয়ে দিলে তারা সেখান থেকে চলে যান। তবে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ রোড, জামতলা, চাষাঢ়া ও কালিরবাজার এলাকায় মিছিল করেন। দুপুর আড়াইটার দিকে তাদের বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement