ছবি : আপন দেশ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নেমে ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জলই (টেলকি) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার গ্যাব্রিয়েল নকরেক (৪৫), বাবলু হাদিমা (৩৫), রতন নকরেক (২৫) এবং নেইমার ম্রং (১০)। তারা সবাই মধুপুর উপজেলার জলই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ছাগল হঠাৎ করে ওই এলাকার একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করার জন্য প্রথমে গ্যাব্রিয়েল নকরেকের ছেলে ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পরও তার কোনো সাড়া না পাওয়ায় তাকে উদ্ধার করতে তার মামা ভেতরে প্রবেশ করেন। তারও সাড়া না মেলায় একে একে আরও ২ জনসহ মোট চারজন ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু তাদের কেউই আর জীবিত ফিরে আসেননি।
ট্যাংকে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা ট্যাংকের ভেতর থেকে ওই চারজনের মরদেহ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ওই সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে ছিল। ভেতরে নামার পর সেই গ্যাসে শ্বাসরুদ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : ২০ জনকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান
মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক সেপটিক ট্যাংকে পড়ে চারজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































