ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেটে স্পিন বোলিং উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্পেশালিস্ট স্পিন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিককে। এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
নাজমুল আবেদিন ফাহিম জানান, দেশে পেস বোলিং কোচের সংখ্যা তুলনামূলক বেশি হলেও স্পিন কোচের ঘাটতি রয়েছে। অতীতে ফিরে তাকালে তিনজন স্পিন কোচও পাওয়া কঠিন বলে মন্তব্য করেন তিনি।
এ ঘাটতি কাটাতে নিজস্ব স্পিন কোচ তৈরি করার পরিকল্পনার কথা জানান ফাহিম। তার মতে, রফিক এমন একজন অভিজ্ঞ কোচ, যিনি এখনই দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও কয়েকজন কোচ তৈরির উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, ক্রিকেট কাঠামো বিকেন্দ্রীকরণের পথে যাওয়ায় বিশেষজ্ঞ কোচের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। সে চিন্তা থেকেই এ নিয়োগ দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> ভারতকে চিঠি পাঠানো নিয়ে মুখ খুলল বিসিবি
মোহাম্মদ রফিক ১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ক্যারিয়ারে ৩৩টি টেস্ট ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার। ওয়ানডেতে ১২৫ ম্যাচে তার শিকার ১২৫ উইকেট। এছাড়া একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেটও রয়েছে তার ঝুলিতে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































